ময়মনসিংহের গফরগাঁওয়ে এইচএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে ঢাকা - ময়মনসিংহ লাইনে গফরগাঁওয়ের কাওরাইদ রেল স্টেশনে ট্রেন আটকে দিয়েছে ছাত্র -জনতা।
রবিবার দুপুরে ময়মনসিংহের গফরগাঁওয়ের কাওরাইদ রেল স্টেশনে গয়েশপুর কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও এলাকাবাসী ট্রেনটি আটকে দেয়।
ছাত্র-ছাত্রীরা জানায়, এইচএসসি পরীক্ষার চলতি ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি 'র চেয়ে বেশি টাকা দাবি করেছে কলেজ কতৃপক্ষ, এর প্রতিবাদে রেললাইন অবরোধ করা হয়। এতে ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি গয়েশপুর কলেজের সামনের রেলক্রসিং এলাকায় আটকে দেয় শিক্ষার্থীরা। প্রশাসনের হস্তক্ষেপে অধ্যক্ষ আজহারুল ইসলাম অতিরিক্ত ফি বাতিলের ঘোষণা দিলে ছাত্র -ছাত্রীরা রেললাইনের উপর থেকে সরে যায়। পরে অগ্নিবীণা এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
এ বিষয়ে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন.এম আবদুল্লাহ আল মামুন বলেন, রেললাইন অবরোধের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। পরে কলেজ কতৃপক্ষ অতিরিক্ত টাকা না নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়েছে।