বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে রেল ক্লিপ চুরি করার সময় রাজন (২২) নামে এক যুবক রেলওয়ের নিরাপত্তাকর্মীর হাতে ধরা পড়েছে।
শুক্রবার (১৪ মার্চ) রাত ৮টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের লো-ডাউন ব্রিজ সংলগ্ন রেললাইনে এই ঘটনা ঘটে। রেল ক্লিপগুলো একটি স্কুল ব্যাগে করে নিয়ে যাওয়ার সময় রেলওয়ের গেইটকিপার শাকিল আওয়াজ শুনে ঘটনাস্থলে গিয়ে রাজনকে হাতে-নাতে আটক করেন। তবে তার সহযোগী বাকি চারজন তৎক্ষণাৎ পালিয়ে যায়।
রাজন ময়মনসিংহের কেওয়াটখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বাকৃবির রেলওয়ের গেইটকিপার শাকিল বলেন, “আওয়াজ শুনে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্যাগভর্তি রেল ক্লিপসহ এক যুবককে আটক করি। তবে তার সহযোগীরা দ্রুত পালিয়ে যায়।”
এ বিষয়ে বাকৃবির পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, “রাত ৮টা ৪০ মিনিটে রেল ক্লিপ চুরি করার সময় ওই যুবককে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, চুরির ঘটনায় জড়িত অপর সহযোগীদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।