
ময়মনসিংহ সদর উপজেলার ৫নং সিরতা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভাটিয়াপাড়া এলাকায় বিএনপির উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ (সদর–৪) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন সিরতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফ উদ্দিন আহমেদ বকুল।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ আব্দুল রাজ্জাক। কোতোয়ালী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাজাহান মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ মহানগর যুবদলের সভাপতি মো. মোজাম্মেল হক টুটুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. নাঈমুল করিম লুঈন এবং কোতোয়ালী থানা বিএনপির সদস্য আলী হোসেন সরকার। এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশ বর্তমানে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে এবং গণতন্ত্র বাধাগ্রস্ত অবস্থায় রয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ একজন ত্যাগী ও জনবান্ধব নেতা, যিনি অতীতেও সাধারণ মানুষের পাশে ছিলেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে কাজ করবেন।
উঠান বৈঠক শেষে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।