
ময়মনসিংহের ফুলপুরে চুরির একটি মামলার তদন্তে আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন,নগদ টাকা ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
জানা যায় সম্প্রতি দায়ের হওয়া একটি চুরির মামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।তদন্তের একপর্যায়ে ঘটনায় জড়িত দুই আসামিকে শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন,শেরপুর সদর উপজেলার খরমপুর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে মোঃ শিমুল ওরফে সুমন মিয়া (৩০) এবং নোয়াপাড়া এলাকার মৃত সেলিমের ছেলে মোঃ আক্রাম হোসেন ওরফে বাবু (৩০)।
পুলিশ জানায়,গ্রেফতারের পর আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শেরপুরে শিমুল ওরফে সুমনের বসতবাড়িতে অভিযান চালানো হয়।সেখান থেকে চুরি হওয়া একটি স্বর্ণের আংটি,দুটি মোবাইল ফোন,একটি রুপার চেইন,এক জোড়া রুপার নুপুর,নগদ ৪৯ হাজার টাকা এবং চুরির কাজে ব্যবহৃত একটি স্লাইরেঞ্জ উদ্ধার করা হয়।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন জানান,গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ও মাদক সংক্রান্ত প্রায় ৩০ থেকে ৩৫টি মামলা রয়েছে।তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।