
ময়মনসিংহের আলোচিত আজাদ শেখ হত্যা মামলার অন্যতম আসামি নূরুলকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বুধবার রাতে নগরীর মহারাজা খামার বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম-এর নেতৃত্বে এসআই সোহেল ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে রাত আনুমানিক ১০টার দিকে নূরুলকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেফতারকৃত নূরুল দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পুলিশের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং মামলার অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।