
নেত্রকোণা | শুক্রবার, ৩ জুলাই ২০২৬ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেছেন, হাওর অঞ্চলের জলাশয় সকল প্রকৃত মৎস্যজীবীর জন্য উন্মুক্ত রাখতে সরকার কাজ করছে। যেখানে যে ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দূর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে নেত্রকোণার মদন উপজেলার উচিতপুর হাওরে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার 'জাল যার, জলা তার' নীতিতে হাওর ও নদীর জলাশয় ব্যবস্থাপনায় কাজ করছে। প্রকৃত জেলেদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জেলেদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন। সেই ধারাবাহিকতায় খাল, নদী ও জলাশয় সংরক্ষণে উদ্যোগ নিয়েছেন। নদীর নাব্যতা রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং জলাশয়কে মৎস্য চাষের উপযোগী রাখতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান তিনি। এর আগে মদন উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ।
সমাবেশে বক্তারা হাওরাঞ্চলের মৎস্যসম্পদ সংরক্ষণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জেলে-কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তারা বলেন, হাওরাঞ্চলের উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। পরে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার হাওরাঞ্চলের বিভিন্ন স্থানে কৃষক ও জেলেদের নিয়ে পৃথক সমাবেশে অংশ নেন অতিথিরা। সেখানে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে হাওর এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।