
গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার ৬৬টি ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের অনুকূলে ৭১ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে চেক তুলে দেন সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।
চেকপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৪২টি মসজিদ, ৫টি মন্দির, ১৪টি মাদ্রাসা, ২টি স্কুল, ১টি এতিমখানা এবং ২টি ক্লাব। টিআর কর্মসূচির আওতায় এসব প্রতিষ্ঠানে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন কর্মসূচির মাধ্যমে সহায়তা দিয়ে আসছে।
তিনি বলেন, বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার করে নির্ধারিত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুমনা আল মজিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা ময়মনসিংহ সিটি কর্পোরেশনসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।