৪ বছরের এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ আদায় মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১২ বছর আত্মগোপনে থাকা আসামি হোসেন আলী (৪২) কে গ্রেফতার করেছে র্যাব-১৪। শনিবার (২২ এপ্রিল) বিকেলে শেরপুরের নকলা থানাধীন চকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হোসেন আলী নকলা থানার পাচঁকাহনিয়া গ্রামের মোঃ আজম আলীর ছেলে। ৪ বছরের এক ছোট্ট শিশুকে অপহরণ ও মুক্তিপণ মামলায় ১৪ বছর এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হোসেন আলী বিগত ১২ বছর ধরে আত্মগোপনে ছিল।
রবিবার র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর রোববার (২৩ এপ্রিল) এক প্রেস রিলিজে জানায়,আত্মীয়তার সূত্রে হোসেন আলী প্রায়ই নকলা থানার ভিকটিমের বাবার বাড়িতে আসা যাওয়া করতো। ২০১১ সালের ১০ অক্টোবর হোসেন আলীর দ্বিতীয় স্ত্রী তাসলিমা খাতুন(২৫) সু-পরিকল্পিতভাবে ভিকটিমের বাবার বাড়ি থেকে ভিকটিম আকলিমাকে (০৪) অপহরণ করে ঢাকায় নিয়ে যায়।
পরে আসামি মোঃ হোসেন আলী (৪২) ভিকটিমের বাবার আব্দুল জলিলের কাছে মেয়েকে ফেরত নিতে এক লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। টাকা নিয়ে আব্দুল জলিলকে কাচঁপুুর ব্রিজের নিচে আসতে বলে অন্যথায় ভিকটিমকে বিদেশে পাচার করে দেওয়ার হুমকি দেয়। পরবর্তীতে আব্দুল জলিল নকলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে ২০২০ সালের ১৪ ডিসেম্বর শেরপুরের জেলা ও দায়রা জজ আদালত আসামি হোসেন আলীকে পৃথক ধারায় ১৪ বছর ও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এছাড়াও আসামিকে পৃথক ধারায় ১০ হাজার ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ০৬ মাস ও ১ বছর বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি দল আসামি হোসেন আলীর অবস্থান শনাক্ত করে এক আত্মীয়ের বাসা হতে আটক করে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।