প্রতিদিনের সংবাদ পত্রিকার ফুলপুর প্রতিনিধি, ফুলপুর প্রেসক্লাবের তথ্য ও যোগাযোগ সম্পাদক সেলিম রানা ও তার পরিবারের উপর একদল সন্ত্রাসী হামলা করে ২ জনকে আহত করেছে । এ ব্যাপারে থানায় অভিযোগে পুলিশ ১২ঘন্টার মধ্যে ২ জনকে আটক করেন।
উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের চাঁনপুর গ্রামের কৃষক প্রতিদিনের সংবাদ পত্রিকার ফুলপুর প্রতিনিধি সেলিম রানার বাবা তজিম উদ্দিন গত ২৬ এপ্রিল বুধবার দুপুরের দিকে তার বোরো ক্ষেতে কাজ করছিলেন। এ সময় সেচের পানি ছেড়ে দেওয়ার মিথ্যা অভিযোগ তুলে পাশের বাড়ির আসিফ নামের এক যুবক তজিম উদ্দিনের উপর হামলা করে। কিছুক্ষণ পর ছেলে সেলিম রানা বাড়ি এসে ঘটনার প্রতিবাদ করলে আসিফের বংশীয় ১৫/১৬জন দল বেঁধে লাঠি ও বিভিন্ন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সেলিম রানার বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা সেলিম রানা, তার বাবা তমিজ উদ্দিন ও মা রোকেয়া খাতুনের উপর শারীরিক হামলা করে ও কম্পিউটারসহ আসবাবপত্র ভাংচুর করে। এছাড়া হামলাকারীরা নগদ টাকা ৯৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীদের হামলায় সেলিম রানার বাবা তমিজ উদ্দিন ও মা রোকেয়া খাতুন আহত হন।
এ ব্যপারে তমিজ উদ্দিন বাদী হয়ে ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে রাতে একদল পুলিশ অভিযান চালিয়ে মূল আসামী মোহাম্মদ আলীসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। অন্যান্য আসামীদের ধরার জন্য পুলিশী তৎপরতা অব্যাহত আছে বলেন জানান ফুলপুর থানার অফিসার-ইন-চার্জ আব্দুল্লাহ আল মামুন। হামলায় আহত তমিজ উদ্দিন ফুলপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে ফুলপুর প্রেসক্লাবসহ বিভিন্ন মহল।