কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি :- নেত্রকোনার কলমাকান্দায় কয়েক দিনের টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় উপজেলার প্রধান উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত না কমলে কিছু নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় উব্দাখালী নদীর পানি ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে নদীর পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এমনকি নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা জানান, গত চারদিন ধরে উপজেলায় বৃষ্টি হচ্ছে। এছাড়াও উপজেলার মহাদেও, বৈঠাখালী, মঙ্গলেশ্বরী এবং গণেশ্বরী নদীর পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তবে এখনো কেও পানিবন্দি হয়নি। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার পরিস্থিতি হওয়ার শঙ্কা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার ভূমি মো. শহিদুল ইসলাম জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বন্যার পরিস্থিতি খোঁজ খবর রাখা হচ্ছে।