ময়মনসিংহ এর তারাকান্দায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। জানা যায়, সোমবার (১৩ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কে উপজেলার গহরপুর গ্রামের মা অটো রাইসমিল সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে। এতে নেত্রকোনার পূর্বধলার বৌলাম গ্রামের সিএনজি চালক মোস্তাকিম (৩০) ও নেত্রকোনার মদনপুর গ্রামের সাকি আক্তার (১৮) নামে দুইজন ঘটনাস্থলেই মারা যান। পরে আরো আহত তিন জনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে একই জেলার দিঘলা গ্রামের লাকি আক্তার (৩০) কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে সড়ক দূর্ঘটনার মামলা হয়েছে। ট্রাক ও সিএনজি শ্যামগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে আছে।