
ময়মনসিংহে চাঁদা না দেওয়ায় আবাদি জমির সীমানা আইল (বাতর) কেটে জমি দখলের চেষ্ঠা করে একটি চক্র। খবর পেয়ে জমির মালিক প্রতিবাদ করতে গেলে চক্রটি জমির মালিক সবুরা আসমা ও তার স্বামী আতিকুর রহমানকে বেপরোয়া মারধর করে। জেলা সদরের বাঘেরকান্দায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আতিকুর রহমান বাদি হয়ে ময়মনসিংহের অতিরিক্ত চীফ জুডিসিয়াল আদালতে মামলা নং-১০৮৯/২০২৩ দায়ের করেন। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত পুর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।
মামলা সুত্রে জানা গেছে, বাঘেরকান্দার আতিকুর রহমান তার পৈত্রিক ও মাতৃক সুত্রে প্রাপ্ত আবাদি জমি গত ২০/১২/২১ তারিখে হেবাঘোষণা দলিল নং-১৬৭৪২ মুলে স্ত্রী ও ছেলের নামে হস্তান্তর করেন। যার মৌজা খাগডহর, বিআরএস খতিয়ান নং-৩৬, দাগ নং-২৭১৭/২৯৭২। পরবর্তীতে দলিল মুলে সবুরা আসমা ও তার ছেলে উল্লেখিত জমি চাষাবাদ করে আসছেন। এদিকে স্থানীয় মোজহারুল ইসলাম, ইসতিয়াক হাসান অভি ও অর্কিট নামীয়দের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে জমির মালিক সবুরা আসমা ও তার স্বামী আতিকুর রহমানের কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দিলে উল্লেখিত আবাদি জমি বেদখল করার হুমকি দিচ্ছে। চাঁদা না দেওয়ায় চক্রটি গত ১০ জুন দেশীয় অস্ত্রসহ উল্লেখিত জমিতে যায় এবং কুদাল দিয়ে জমির সীমানা আইল (বাতর) কেটে উপরে ফেলে। খবর পেয়ে জমির মালিক সবুরা আসমা ও তার স্বামী উক্ত জমিতে গিয়ে বাধা দিয়ে কারণ জানতে চাইলে চক্রটি ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা করে। হামলাকারীরা জমির মালিক সবুরা আসমার গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেয়। এতে জমির মালিক ও তার স্বামী মারাত্বক আহত ও ক্ষতিগ্রস্থ হন। প্রভাবশালী চক্রটির বিরুদ্ধে মামলা দায়ের করায় চক্রটি জমির মালিক ও তার স্বামীকে খুন, জখম ও লাশ গুমের হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।