
ময়মনসিংহের ভালুকায় পৃথক স্থান থেকে বিভিন্ন ঘটনায় পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার কাশর এলাকায় কাপড় শুকাতে গিয়ে দু-তলা বাড়ির ছাদ থেকে পিছলে পড়ে গিয়ে নুরুন্নাহার নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু ঘটেছে। একই সময়ে উপজেলার ডাকাতিয়া বিন্নরীপাড়া এলাকায় মোবাইলে গেম খেলতে না দেওয়ায় বড় ভাইয়ের সাথে অভিমান করে আব্দুল্লাহ নামে এক স্কুল ছাত্র নিজ বসত ঘরে ফাঁসিতে ঝুলে মারা যায়। অপরদিকে সকালে জামিরদিয়া দক্ষিণ পাড়া এলাকা থেকে ঘরের তালা ভেঙে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা সিনথিয়া আক্তার ও শিশু কন্যা আয়েশা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। অপরদিকে এক সড়ক দূর্ঘটনায় উপজেলার মেহেরা বাড়ী এলাকায় প্রান্ত ঘোষ নামে এক মিল শ্রমিক নিহত হয়েছে। সে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন পৃথক ঘটনায় পাঁচ জনের লাশ উদ্ধারের সত্যতা স্বিকার করেছেন। এ সব ঘটনায় আইনী পদক্ষেপ নেয়া হয়েছে বলেও তিনি দাবি করেছেন।