
শেরপুর জেলা পুলিশ উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহত সকল শহীদদের স্মরণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) পুলিশ লাইনস্ মাল্টিপারপাস শেডে জেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই চিত্রাংকন প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত উপস্থিত ছিলেন শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা।
জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু-কিশোরদের মধ্যে বঙ্গবন্ধু’র আদর্শ ও চেতনা ছড়িয়ে দেওয়ার নিমিত্তে জেলা পুলিশের উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এই চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
আগামীকাল ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে পুলিশ লাইনস্ মাল্টিপারপাস শেডে বিকেল ৪টায় শেরপুর জেলা পুলিশের আয়োজনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব তাহমিনা আক্তার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সম্মানিত বিচারকবৃন্দ ও চিত্রাংকনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।