
প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবায় ময়মনসিংহ নগরীর খাগডহর এলাকায় নগর স্বাস্থ্য কেন্দ্র ২ উদ্বোধন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। সোমবার দুপুরে এই স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন বাস্তবায়িত এবং পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) পরিচালিত এ স্বাস্থ্য কেন্দ্রে নাগরিকগণ গর্ভ, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সেবা, পরিবার পরিকল্পনা, নবজাতক ও শিশু সেবা, সংক্রামক ও সাধারণ রোগের চিকিৎসা সেবা পাবেন। এছাড়াও এ স্বাস্থ্য কেন্দ্রের আওতায় কেন্দ্রের পাশ্ববর্তী ৪৮ টি পয়েন্টে স্যাটেলাইট ক্লিনিক পরিচালনার মাধ্যমে নাগরিকদের কাছে গিয়ে স্বাস্থ্য সেবা প্রদান করা হবে।

উদ্বোধন উপলক্ষ্যে নগর স্বাস্থ্য কেন্দ্র ২ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ইকরামুল হক টিটু বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ময়মনসিংহবাসীর জন্য বিভাগ, সিটি কর্পোরেশন সহ অসংখ্য উন্নয়ন উপহার দিয়েছেন। সিটি কর্পোরেশনে প্রতিটি ওয়ার্ডে সড়ক ও ড্রেনের কাজ চলমান আছে। নতুন ওয়ার্ড সমূহের প্রতিটিতে প্রায় ৩০ থেকে ৪০ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। চলমান উন্নয়ন প্রকল্প শেষ হলে সকল ড্রেন ও সড়কের নির্মাণ কাজ সম্ভব হবে। করোনা মহামারিসহ সকল সংকটে সর্বস্ব দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি এবং সব সময় পাশে থাকবো।
মেয়র আরো বলেন, এ স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের ফলে এই অঞ্চলের মানুষ হাতের কাছে এবং কম মূল্যে মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে। সকলের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গীকার পূরণে ভূমিকা রাখবে এ স্বাস্থ্যকেন্দ্রসমূহ।
স্থানীয় সরকার বিভাগের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনে একটি নগর মাতৃসদন ও তিনটি স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ইতোপূর্বে ব্রাহ্মপল্লীতে নগর মাতৃসদন এবং জামতলা ও শম্ভুগঞ্জে নগর স্বাস্থ্যকেন্দ্র ১ ও ৩ উদ্বোধনের পর সোমবার নগরীর খাগডহরে নগর স্বাস্থ্যকেন্দ্র ২ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও অসহায় নারীদের মাঝে রেড কার্ড বিতরণ করেন মেয়র। এই রেড কার্ডের মাধ্যমে স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাবেন তারা।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী সভাপতির বক্তব্যে বলেন, এ নগর স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রায় ৪০ টি সেবা প্রদান করা হবে। যেকোন প্রয়োজনে এ অঞ্চলের মানুষের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল বা বেসরকারি ক্লিনিকে যাওয়ার প্রয়োজনীয়তা কমে আসবে।
অনুষ্ঠান পরিচালনা করেন মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ। অনুষ্ঠানে সাবেক পৌর কমান্ডার আব্দুল মজিদ, ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবুল বাশার, মসিকের স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান বাবু, সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা আক্তার ও কাউসার-ই-জান্নাত, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, পিএসটিসির হেড অব প্রোগ্রাম ডঃ মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।