
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৬০ গ্রাম হেরোইন ও ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে গত বুধবার ডিবির এসআই রেজাউল আমীন বর্ষন সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে কৃষ্টপুর এলাকা থেকে ৬০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী টাঙ্গাইলের কালিহাতির মোঃ আব্দুল কুদ্দুছ ওরফে নাজিম ও নগরীর কৃষ্টপুর দৌলতমুন্সী বাইলেনেের রুনু বেগমকে গ্রেফতার করে। অপর অভিযানে এসআই কমল সরকার নগরীর রহমতপুর এলাকা থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোছাঃ রাহেলা বেগম ও রোকসানাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ৪ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পৃথক মামলা দায়ের করে পুলিশ। তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।