
বাবা ইব্রাহিম মন্ডল মারা গেছেন ২০১৬ সালের ৩১ সেপ্টেম্বর। কিন্তু ২০১৫ সালের ৫ অক্টোবর এই বাবাকে মৃত দেখিয়ে ভুয়া একটি বন্টননামা করে ৯০ শতক জমির জাল দলিল তৈরী করেছেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলা ভূমি অফিসের চেইনম্যান মো: শামসুল হক।
এ ঘটনায় এই ভূমি কর্মচারির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ময়মনসিংহের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং সি.আর আমলী আদালত।
রবিবার (৩০ জুলাই) দুপুরে সংশ্লিষ্ট আদালতের তুলনা সহকারি মো: আ: বারি এই গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি শামসুল হক মুক্তাগাছা উপজেলার কুমারগাতা নামাপাড়া গ্রামের মৃত ইব্রাহিম মন্ডল ওরফে ইব্রাহিম মিয়ার ছেলে।
এর আগে গত ২৫ জুলাই আসামির ছোট ভাই মো: রফিকুল ইসলাম বাদি হয়ে বড় ভাই শামসুল হক ও তার ছেলে আব্দুল কাদির জিলানী সুমনকে আসামি করে ময়মনসিংহের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং সি.আর আমলী আদালতে এই মামলাটি দায়ের করেন।
এ সময় মামলাটি আমলে নিয়ে বিচারক মোহাম্মদ আব্দুল হাই আসামি শামসুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং তার ছেলে সুমনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন।
মামলা বাদির অভিযোগ, বাবাকে মৃত দেখিয়ে বড় ভাই শামসুল হক আমাদের পাঁচ ভাই ও দুই বোনের নামে ভুয়া বন্টননামা তৈরী করে একটি জাল দলিলে ৯০ শতক জমি নিজের নামে লিখে নিয়েছে। সম্প্রতি ঘটনাটি জানতে পেরে ন্যায় বিচারের আশায় আমি আদালতে মামলা দায়ের করেছি।
তবে অভিযোগ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে আসামি শামসুল হকের ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে তারাকান্দা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাহমিদা সুলতানা বলেন, শামসুল হক আমার অফিসের চেইনম্যান। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে কি-না আমার জানা নেই। তবে পারিবারিক সমস্যার কথা বলে সে অফিস থেকে ছুটি নিয়েছে।