
শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেজাল কীটনাশক বিক্রি ও মজুদ করার অভিযোগে এক কীটনাশক ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেন। (১৮ এপ্রিল) বৃহস্পতিবার বিকেলে উপজেলার যোগানিয়া ইউনিয়নের তালতলা বাজারে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলার প্রশাসনের সূত্রমতে, উপজেলার যোগানিয়া ইউনিয়নের তালতলা বাজারের আবিদ হাসান নামক একজন কীটনাশক ব্যবসায়ী তার ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স আদিবা এন্টারপ্রাইজে সিনজেনটা কোম্পানির মোড়কে এমিষ্টার টপ নামের ভেজাল কীটনাশক বিক্রি করে আসছিলো। সেই অভিযোগের সূত্র ধরেই বৃহস্পতিবার বিকেলে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এতে ৫০ মিলি লিটারের ২৩ বোতল ও ১০০ মিলি লিটারের ১৭ বোতল ভেজাল এমিষ্টার টপ নামের কীটনাশক পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ব্যবসায়ী আবিদ হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপস্থিত নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ ও সিনজেনটা কোম্পানির বিক্রয় প্রতিনিধি আবুল হোসেন। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল বলেন, কৃষকের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।