
শেরপুর সদর উপজেলার মির্জাপুর কান্দিপাড়া এলাকার রাস্তার পাশে ধানক্ষেত থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২১ এপ্রিল সোমবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তির নাম আব্দুল লতিফ (৪৪)। সে বাজিতখিলা ইউনিয়নের কুমরী কাটাজান এলাকার মৃত আ: মালেকের ছেলে এবং পেশায় একজন অটোরিকশাচালক চালক।
ঘটনার খবর পেয়ে শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানায়, আজ সকালে শেরপুর সদরের তাতালপুর বিএম রোডের পার্শ্বে একটি ধান ক্ষেতে এক অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। শেরপুর সদর থানা পুলিশের নিকট খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার গলায় রশি পেচানো থাকায় প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। এছাড়াও তার সঙ্গে থাকা অটো রিক্সাটি ছিনতাই করার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সাথে জড়িত যে বা যারাই জড়িত হউক না কেন তাকে খুঁজে বের করা হবে।