ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মহেষপুরে পুর্ব শক্রতার জের ধরে ভুমি দখলের অপচেষ্টায় প্রায় দুই শতাধিক বনজ ও ফলজ গাছ কেটে ফেলেছে নাজমুজ্জামান ও আক্তারুজ্জামানের নেতৃত্বে একটি চক্র। গত ২৮ এপ্রিল প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী কায়দায় গাছ কেটে প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধন করে। এ ঘটনায় জমির মালিক মোঃ শাইফুজ্জামান ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, মহেষপুর গ্রামের শাইফুজ্জামানের সাথে পার্শ্ববর্তী নাজমুজ্জামান ও আক্তারুজ্জামানদের সাথে মামলা মোকদ্দমার কারণে পুর্ব বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গত ২৮ এপ্রিল নাজমুজ্জামান ও আক্তারুজ্জামানের নেতৃত্বে একটি চক্র দেশীয় অস্ত্র নিয়ে ভুমি দখলের অপচেষ্টায় তান্ডব চালিয়ে শাইফুজ্জামানের জমিতে রোপিত প্রায় দুই শতাধিক বনজ ও ফলজ গাছ কেটে ফেলে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়। এ সময় শাইফুজ্জামান স্থানীয়দের নিয়ে গেলে চক্রটি তাকে খুনের চেষ্টায় দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করলে পালিয়ে রক্ষা পায়। এ সময় চক্রটি শাইফুজ্জামানকে লক্ষ্য করে হুমকি দিয়ে বলে আজ না হয় কাল তাকে সহ তার পরিবারের লোকজনকে সুযোগ মতে পেলে খুন করে হলেও উক্ত ভূমি জোরামূলে বেদখল করে নিবে। এ নিয়ে শাইফুজ্জামান ও তার পরিবারের সদস্যরা আতংকিত ও নিরাপত্তাহীতায় রয়েছেন। এ ঘটনায় শাইফুজ্জামান ঈশ্বরগঞ্জ থানায় নাজমুজ্জামান ও আক্তারুজ্জামান, আরিফা আক্তার খাতুন, আখী আক্তার, মোঃ আকাশ মিয়া, মোঃ নাইম মিয়ার নামে অভিযোগ দায়ের করেছেন।