
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) না হওয়ায় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা চলছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ জুলাই) পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রিশাদ একটি সড়ক উন্নয়ন প্রকল্প ও সরকারি বরাদ্দ-সংক্রান্ত তথ্য জানতে পিআইও কার্যালয়ে যান। এ সময় অফিস সহকারীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।
অফিস সহকারীর অভিযোগ, প্রয়োজনীয় অনুমতি ছাড়া দাপ্তরিক তথ্য দেওয়া সম্ভব নয় জানানো হলে রিশাদ ক্ষিপ্ত হয়ে গালাগাল করেন এবং দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান। পরদিন নিরাপত্তার দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা এক ভিডিও বার্তায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন ও সরকারি কাজে বাধা না দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযুক্ত রাইসুল ইসলাম রিশাদ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো হুমকি দেননি। বরং এলাকার উন্নয়নকাজ ও সরকারি সেলাই মেশিন বিতরণে অনিয়মের বিষয়ে জানতে গিয়েছিলেন। এসব বিষয় তুলে ধরায় তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে ইউএনও আফিয়া আমীন পাপ্পা বলেন, “প্রাথমিকভাবে সবাইকে সতর্ক করা হয়েছে। এরপরও কেউ সরকারি কাজে বাধা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তবে এ ঘটনায় এখনো কোনো জিডি বা মামলা হয়নি বলেও তিনি জানান।