
মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের পাশাপাশি পরিবারের দায়িত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। তিনি বলেন, একজন সন্তানকে সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবারের সচেতন পরিচর্যার কোনো বিকল্প নেই।
শনিবার (১৮ জুলাই) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে মাদকের ভয়াবহতা সম্পর্কে যুবসমাজকে সচেতন করতে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্র নাগরিকের উন্নয়নে বিভিন্ন দায়িত্ব পালন করলেও সন্তানকে সঠিক পথে পরিচালিত করার মূল দায়িত্ব বাবা-মায়ের। সন্তানের চলাফেরা, বন্ধু নির্বাচন, অভ্যাস ও সার্বিক কর্মকাণ্ডের প্রতি অভিভাবকদের সচেতন নজরদারি থাকলে তারা মাদকসহ সব ধরনের কু-অভ্যাস থেকে দূরে থাকতে পারবে এবং ভবিষ্যতে দেশ গঠনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূল করা একটি আদর্শ রাষ্ট্র বিনির্মাণের গুরুত্বপূর্ণ অংশ।
মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়াতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রীতি ফুটবল ম্যাচে জেলা প্রশাসকের কার্যালয় একাদশ ও সাংবাদিক একাদশ অংশ নেয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচটি উপভোগ করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।