
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিসি ও স্ট্রাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আগ্রহী ও উৎসাহী। নজরুল বর্ষকে সামনে রেখে সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক কার্যক্রম নিয়মিত চালু রাখতে হবে। দেশের বিভিন্ন শিল্পকলা একাডেমিতে নিয়মিত নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা প্রয়োজন। উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী দৃশ্যমান কর্মকাণ্ড চান। দেশের স্কুলগুলোতে যেন নজরুল সংস্কৃতির চর্চা হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে। নজরুলের মতো উদার ও মধ্যপন্থী মানুষ খুব বেশি নেই। নজরুলের চিন্তা, দর্শন ও কর্মকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এ ধরনের কর্মসূচি নিয়মিত পরিচালনা করা প্রয়োজন। তিনি দেশের সাংস্কৃতিক খাতকে এগিয়ে নিতে প্রশাসনকে সব ধরনের সহায়তা করার আহ্বান জানান। পাশাপাশি প্রতিভাবান ও সম্ভাবনাময় শিশু-কিশোরদের রাষ্ট্রীয় ও সামাজিক সহায়তার মাধ্যমে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি দেশের সব নাগরিককে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির সরকার।
তিনি বলেন, ময়মনসিংহ অঞ্চল সাংস্কৃতিক দিক দিয়ে অত্যন্ত সমৃদ্ধ। বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় ময়মনসিংহ অঞ্চল যেন প্রত্যাশিত ভালো ফলাফল অর্জন করতে পারে, সে লক্ষ্য সামনে রেখে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহিদুল হাসান, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রমুখ। এ ছাড়া ময়মনসিংহের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির সরকারের সভাপতিত্বে বিভাগের চার জেলা প্রশাসক, জেলা তথ্য অফিসার এবং আঞ্চলিক তথ্য অফিস, ময়মনসিংহের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ সময় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল উপস্থিত ছিলেন।