
“ক্লিন ময়মনসিংহ, ক্লিন সদর উপজেলা” গড়ার লক্ষ্যে ময়মনসিংহ সদর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
“যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্ন” স্লোগানকে সামনে রেখে নগরীর আকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও পুরো প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি ইউএনও আরিফুল ইসলাম শিক্ষার গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে বিভিন্ন শ্রেণির পাঠদান কার্যক্রম পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের রিডিং স্কিল মূল্যায়ন করেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার গুরুত্ব সম্পর্কে দিকনির্দেশনা দেন। পাশাপাশি উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে অন্তত একদিন পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের নির্দেশনা প্রদান করেন।
ইউএনও আরিফুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা, শিক্ষাপ্রতিষ্ঠানকে পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। সবাইকে মনে রাখতে হবে— সচেতনতাই আগামী প্রজন্মের সুস্থতার চাবিকাঠি। আসুন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি, রোগমুক্ত ও সুন্দর সমাজ গড়ে তুলি।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের গৃহীত কর্মসূচির অংশ হিসেবে প্রতি সপ্তাহের “Clean Sunday” সফলভাবে বাস্তবায়নের জন্য উপজেলার সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতার সামগ্রী বিতরণ করা হবে।