
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নের গুনাপাড়া এলাকার এক তরুণী বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ তুলেছেন একই এলাকার এক যুবকের বিরুদ্ধে। পরে বিয়ের প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে তাকে এড়িয়ে চলছেন বলেও অভিযোগ করেন তিনি।
আজ (২৯ জুলাই) বুধবার বিকেল ৫টায় হালুয়াঘাট প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই তরুণী তামান্না এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তামান্না বলেন, উপজেলার ৭ নম্বর শাকুয়াই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গুনাপাড়া গ্রামের কাশেম মিয়ার ছেলে শাহরিয়ার আলম রিত্তিকের সঙ্গে প্রায় তিন বছর ধরে তার প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের একপর্যায়ে রিত্তিক তাকে বিয়ের আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতির ওপর আস্থা রেখে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। সর্বশেষ প্রায় তিন মাস আগেও তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, একটি গার্মেন্টস কারখানায় চাকরি করে উপার্জিত অর্থ থেকে বিভিন্ন সময়ে রিত্তিককে ব্যক্তিগত প্রয়োজন ও হাতখরচের জন্য আর্থিক সহায়তা করেছেন।
তামান্নার অভিযোগ, বিয়ের সময় ঘনিয়ে এলে রিত্তিক নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে শুরু করেন। একপর্যায়ে তাকে গোপনে রাখার উদ্দেশ্যে রিত্তিককে তার চাচাতো ভাইয়ের মাধ্যমে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। এরপর থেকে বিয়ের বিষয়ে যোগাযোগ করলেও তিনি বিভিন্নভাবে এড়িয়ে চলছেন বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তামান্না বলেন, “আমি তাকে বিশ্বাস করে তিন বছর সম্পর্ক করেছি। সংসার করার স্বপ্ন দেখেছি। এখন আমি চাই, সে তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে বিয়ে করুক। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।